শিরোনাম

বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধের চাপ আছে: প্রতিমন্ত্রী

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বিদ্যুৎ খাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধের চাপ আছে: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে আগের ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকার বকেয়া নিয়ে বড় ধরনের চাপে রয়েছে। তবে বকেয়া পরিশোধের পাশাপাশি বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সময়ে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হয়েছিল। তবে এর মূল্য পরিশোধ করা হয়নি। অর্থ ও বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, প্রায় ৬০ হাজার কোটি টাকা বকেয়া রেখে স্বৈরাচার সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে। ফলে এই বিপুল পরিমাণ বকেয়ার বড় দায় বর্তমান সরকারের ওপর পড়েছে।’

বকেয়া পরিশোধের উদ্যোগের কথা তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার হিসেবে আমরা বকেয়া পরিশোধের চেষ্টা করছি। একই সঙ্গে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা অংশ হিসেবে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের ভবন থেকে উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, ডাকবাংলো, অডিটরিয়াম ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এসব প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে যুক্ত ও সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ চালু করা সম্ভব হলে সরকারের প্রায় ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী মাহফুজের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় ২৩৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

/এফআর/