শিরোনাম

নতুন উপজেলা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নতুন উপজেলা পাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সচিব সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত মোকামতলা উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশ অনুযায়ী, ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশন ও মোকামতলা উপজেলাসহ মোট আটটি প্রস্তাব অনুমোদিত হয়।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলাটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত উপজেলার সম্ভাব্য আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে প্রায় দেড় লাখ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, প্রশাসনিক প্রয়োজনে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে পার্শ্ববর্তী এলাকা যুক্ত করে এর পরিধি বাড়ানোর সুযোগ থাকবে। তবে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় নতুন উপজেলাটি এখনও দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারেনি।

মোকামতলাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবিটি দীর্ঘ ৪ দশকের। ১৯৮১ সাল থেকে স্থানীয় বাসিন্দারা এ দাবি জানিয়ে আসলেও দীর্ঘ সময় তা আলোর মুখ দেখেনি। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মোকামতলার বাসিন্দা আতিকুর রহমানের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ প্রক্রিয়াটি সক্রিয় করে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলায় মোকামতলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, উপজেলা কমপ্লেক্সের স্থান নির্ধারণ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত একটি টেকসই সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০২ সালে শাজাহানপুর উপজেলা গঠনের পর বগুড়ার প্রশাসনিক মানচিত্রে এটিই হতে যাচ্ছে পরবর্তী বড় সংযোজন। সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শেষ হলেই মোকামতলা আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে কার্যকর হবে।

/এমএকে/