শিরোনাম

চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

ভোলা সংবাদদাতা
ভোলা সংবাদদাতা
চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
যুবককে নামাজ পড়ালেন গ্রামবাসী

ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অপরাধে মো. নাজিম নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মো. নাজিম লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার রাতে নয়ানী গ্রামের মো. এমরান হোসেন রাকিব নামে এক বাসিন্দার দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে হাঁসসহ মো. নাজিমকে আটক করেন। এ সময় তিনি আর এমন কর্মকাণ্ড করবেন না বলে জনসম্মুখে অঙ্গীকার করেন। পরে তাকে স্থানীয় লোকজন শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ান। এ ছাড়া তাকে তওবা করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, রাজহাঁস দুইটি আমার এবং পরিবারের অনেক শখের। হাঁসগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করেছেন আশপাশের লোকজন। চুরির দায়ে তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, থানায় বিষয়টি কেউ জানায়নি। রাতে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রতিরাতে আমাদের চারটি টিম বের হয়। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।

/এসআর/