শিরোনাম

বরিশালে বিএনপি কর্মীকে হত্যা

বরিশাল সংবাদদাতা
বরিশালে বিএনপি কর্মীকে হত্যা
ছবি: সংগৃহীত

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী নামে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার ও পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব-নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে তার মরদেহ পাশের ডোবায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ এসে রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ার কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। তার বংশের লোকদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বা পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

/এসআর/