শিরোনাম

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা
সভায় কথা বলছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বরিশাল সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মহানগর বিএনপি। বুধবার (৮ জুলাই) বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।

এর আগে বিকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা সূত্রে জানা গেছে, আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে আসবেন। সফরকালে তিনি গৌরনদীতে সেনাবাহিনীর একটি মহড়ায় অংশগ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান, খাল খনন কার্যক্রম পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে পারেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও সম্ভাবনা রয়েছে।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে বরিশালের বিভিন্ন উন্নয়ন চাহিদা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তার সামনে তুলে ধরা হবে।

নেতারা সফর সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

/এফআর/