শিরোনাম

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ গায়েব

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ গায়েব
ছবি: সংগৃহীত

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে এক ব্যবসায়ীর প্রায় ২০০ ভরি সোনার অলঙ্কার গায়েব হয়েছে। এ বিষয়ে এক ব্যবসায়ী অভিযোগ করেছে বলে বাগেরহাট পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের খান জাহান আলী সড়কের ব্যাংক শাখা পরিদর্শন করে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। এ ঘটনায় বিকালে বাগেরহাটের পুলিশ সুপার হাছান চৌধুরীও ব্যাংক পরিদর্শন করেছেন।

সোনার অলঙ্কার খোয়া যাওয়া ব্যবসায়ী সুমন কুমার দাসের বাড়ি বাগেরহাট শহরের দশানী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসা করে আসছেন।

সুমন কুমার দাস বলেন, ব্যাংকে আমার একটি লকার রয়েছে। সেখানে আমি গত বছরের ১৫ অক্টোবর আমার মা, খালা, ভাই, স্ত্রীসহ বেশ কয়েকজন আত্মীয়ের প্রায় ২০০ ভরি সোনার অলঙ্কার একটি বাক্সে জমা রাখি। গতকাল বুধবার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। এজন্য ব্যাংকে এসে লকার খুলে দেখি কোনো সোনার অলঙ্কার নেই। লকার খালি। আমি বিষয়টি পুলিশকে অবহিত করেছি। তারা তদন্ত করছে।

বাগেরহাট পূবালী ব্যাংক (পিএলসি) শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনিরুল আমিন সাংবাদিকদের বলেন, এক গ্রাহকের কিছু মালামাল লকারে রাখা ছিল, তা তিনি এখন দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এই ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ এসে ঘটনা তদন্ত করছে। তদন্তের পরই জানা যাবে আসলে ঘটনাটি কী ঘটেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, সুমন দাস নামে এক গ্রাহক অভিযোগ করেছেন, ব্যাংকের লকারে রাখা স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। পরে ব্যাংকে এসে লকার পরিদর্শন করেছি। লকার আমরা সুরক্ষিত পেয়েছি। সুরক্ষিত লকার থেকে কীভাবে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার খোয়া গেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/