শিরোনাম

এক যুগ পেরিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
এক যুগ পেরিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স

এক যুগের পথচলা সম্পন্ন করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ১৭ জুলাই একটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে তাদের বহরে রয়েছে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করে সংস্থাটি। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চলতি বছর কাঠমান্ডু রুটে পুনরায় ফ্লাইট চালু এবং আগামী কয়েক বছরে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, জহুরবারু, পেনাং ও হংকংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়েও এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, ২০১৫ সালের পাশাপাশি ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে ও বিদেশে ইউএস-বাংলার প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাত্রীসেবার পাশাপাশি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে কার্গো পরিবহন সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ৪০টির বেশি নিজস্ব সেলস অফিস এবং কয়েক হাজার ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রির সুবিধা রয়েছে। নিয়মিত যাত্রীদের জন্য চালু রয়েছে 'স্কাইস্টার' ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার কর্মসূচি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার পর ইউএস-বাংলাই প্রথম দেশীয় বিমান সংস্থা, যারা চীনের কোনো গন্তব্য, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহের সেবাও চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক উড়োজাহাজের বিকল্প নেই। সে লক্ষ্যেই ইউএস-বাংলা ধারাবাহিকভাবে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশ হতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউএস-বাংলার এক যুগের এই পথচলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ইউএস-বাংলা কৃতজ্ঞ।

/এসবি/