শিরোনাম

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেলো ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক
বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেলো ইউএস-বাংলা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)’-এ বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াবের সভাপতি রাফিউজ্জামান।

জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং অন্যান্য উড়োজাহাজসহ মোট ২৫টি এয়ারক্রাফট নিয়ে দেশের অভ্যন্তরীণ সব রুট এবং আন্তর্জাতিক পরিসরে সফলতার সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু রেখেছে ইউএস-বাংলা।

আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে– সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।

যাত্রীসেবার মান আরও উন্নত করতে খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে আরও তিনটি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। পাশাপাশি অচিরেই ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবে এই অর্জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

/এফআর/