শিরোনাম

বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি কমাতে কাস্টমসের বিশেষ উদ্যোগ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি কমাতে কাস্টমসের বিশেষ উদ্যোগ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কর্মক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যের কারণে সৃষ্ট নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এক বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিমানবন্দর এয়ারফ্রেইট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে রক্ষিত বিভিন্ন প্রকার পণ্য ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে বিক্রির জন্য বিশেষ ই-নিলাম আহ্বান করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশের অধীনে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হলো লটসমূহের কোনো সংরক্ষিত মূল্য থাকছে না। প্রথম নিলামে অংশগ্রহণকারী বিডারদের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ দরের ভিত্তিতেই সংশ্লিষ্ট লটের পণ্য বিক্রি করে দেওয়া হবে। ফলে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে কাঙ্ক্ষিত পণ্য কেনার সুবর্ণ সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এই বিশেষ ই-নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতাগণকে ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টার মধ্যে বাংলাদেশ কাস্টমসের নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা বিডার লগইন করতে হবে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ কাস্টমস, ঢাকা কাস্টমস হাউস এবং এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিলাম প্রক্রিয়ায় ডিজিটাল মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। তবে অনলাইনে বিড করার পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। দরপত্র আহ্বানের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় আনুষাঙ্গিক কাগজপত্র প্রথাগত নিয়মে দরপত্র বাক্সে দাখিল করতে হবে।

সফল সর্বোচ্চ দরদাতাদের ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্তসমূহ পূরণ সাপেক্ষে দ্রুততম সময়ে পণ্য খালাসের অনুমতি দেওয়া হবে।

আগামী ২ জুলাই দুপুর ৩টায় ঢাকা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য ও ফলাফল প্রকাশ করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জট নিরসন ও কার্যক্ষমতা বৃদ্ধিতে কাস্টমস হাউসের এই বিশেষ ই-নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/জেএইচ/