শিরোনাম

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় সেখানে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে ধরে ফেলেন মন্ত্রী। সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অভিযোগে তাৎক্ষণিক তার চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসককে (ডা. মইনুল হাসান চিশতী) একাধিকবার শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। কিন্তু তিনি এসবের তোয়াক্কা করেননি। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত এই বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে আসছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে এখানে কাজ করেছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না, তা যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে। এ কারণে হাসপাতালটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন, এতে এই হাসপাতাল সহযোগিতা করেছে। তার (ডা. মইনুল হাসান চিশতী) নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।’

অভিযানের সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

/এসআর/