শিশু চোর সন্দেহে সোহরাওয়ার্দী হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিশু চোর সন্দেহে সোহরাওয়ার্দী হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যা

রাত ১১টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম শেখ নামে এক ব্যক্তি। শিশু চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। কিন্তু নিহত ৪১ বছর বয়সী আলম শেখের পরিবারের দাবি, তিনি ‘মানসিক ভারসাম্যহীন’।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

আলম হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইবনে মিজান। তিনি বলেন, ‘ঘটনার যে হোতা, তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।’

আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করার সময় চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন। তার কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান তারা। আলম কোনো সদুত্তর দিতে পারেননি। তখন কিছূ লোক আলমকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলমের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত আলম ঢাকার রূপনগরের এলাকার বাসিন্দা।

/আরএ/