শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতাকর্মীরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক আন্দোলন: মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতাকর্মীরাও
মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতাকর্মীরা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি লাঠি হাতে সড়কে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা-কর্মীরাও। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় তাদের লাঠি হাতে অবস্থান করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

ওই সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়। গতকাল রবিবার সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর আজ বিএনপির নেতাকর্মীদের সড়কে দেখা গেল।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল। তবে তারা কেউ এখন নেই।

এর আগে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল রবিবারও মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলন করে পোশাকশ্রমিকরা। ওই সময়ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

/এফআর/