শিরোনাম

ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের লাশ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

রাস্তায় চলাচল করা ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন ও অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের লাশ দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এদিন সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশে দ্রুত ওই পরিচ্ছন্নতাকর্মীর বাসায় যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি প্রশাসক জানান, যেসব অদক্ষ ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যেন নিরাপদে ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রশাসক ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থেকে সব সময় সহযোগিতার ঘোষণা দেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। নিহতের পরিবারকে এসময় ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, ডিএনসিসির গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোনো অদক্ষ ড্রাইভার কিংবা যদি কোনো হেল্পার গাড়ি চালায়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমার জানামতে কোনো হেল্পার কিংবা অদক্ষ ড্রাইভার ডিএনসিসির গাড়ি চালায় না। যেসব ড্রাইভার বেপরোভাবে গাড়ি চালিয়ে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটান তাদেরকে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ডিএনসিসির কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

/এফসি/