শিরোনাম

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান
আগারগাঁও পাসপোর্ট অফিস। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঝটিকা অভিযান চালায় র‍্যাব-২।

র‍্যাব জানায়, পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষ যাতে প্রতারণা বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে অপরাধের ধরন বিবেচনা করে ৬ জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, আটককৃতদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্টতা না পাওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে প্রতারণা করছিল। তারা গ্রাহকদের দ্রুত পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমনকি টাকা নিয়ে পাসপোর্ট না দেওয়া কিংবা জাল কাগজপত্র সরবরাহ করে গ্রাহকদের বিপদে ফেলার অনেক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ ঝটিকা অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সেবা প্রাপ্তি সহজ ও নির্বিঘ্ন করতে রাজধানীর অন্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের নজরদারি ও অভিযান চালানো হবে।

/এফআর/