শিরোনাম

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল মেট্রো, আতঙ্কে যাত্রীরা
মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিল যাত্রীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

যান্ত্রিক ত্রুটির কারণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ১০ মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রোরেল। এ সময় মেট্রোর ভেতরে থাকা যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। সিজেডএন টোয়েন্টিফোরকে এ তথ্য দিয়েছেন ওই সময় মেট্রোর ভেতরে আটকে থাকা এক যাত্রী।

ওই যাত্রী আরও জানিয়েছেন, আজ বেলা ১টা ১৭ মিনিটে বিজয় সরণিতে এ ঘটনা ঘটেছে। ১টা ২৭ মিনিট পর্যন্ত ট্রেনটি বন্ধ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মতিঝিল থেকে উত্তরা উত্তর এবং উত্তরা উত্তর থেকে মতিঝিল, উভয় দিকেই ট্রেন চলাচল বন্ধ ছিল।

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটেছে। গত ১০ আগস্ট সচিবালয় থেকে মতিঝিল যাওয়ার পথে বিকেল ৩টা ৬ মিনিটে একটি ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ট্রেনটি প্রায় ২৫ মিনিট দুই স্টেশনের মাঝে আটকে ছিল। তীব্র ব্রেক করায় অনেক যাত্রী ট্রেনের ভেতর ছিটকে পড়ে গিয়েছিলেন। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে এক ভুক্তভোগী সিজেডএনকে জানান।

/আরএ/