সরকারি কলোনিতে সাবলেট, ভাড়াটিয়ার খোঁজে মাঠে চার টিম

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সরকারি কলোনিতে সাবলেট, ভাড়াটিয়ার খোঁজে মাঠে চার টিম
আজিমপুর সরকারি আবাসন কলোনি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন সরকারি কলোনিতে অবৈধভাবে সাবলেট বা পূর্ণ ভাড়া দেওয়া বাসা চিহ্নিতকরণ এবং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিদর্শনের জন্য চারটি টিম গঠন করেছে সরকারি আবাসন পরিদপ্তর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৭ অক্টোবর শনিবার আকস্মিকভাবে আজিমপুর কলোনির জোন-বিতে পরিদর্শন করেন। সেখানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিবেশের দৃশ্যমান উন্নতি করার নির্দেশ দেন। একই সঙ্গে কলোনির সার্বিক পরিবেশ ও চলাচলের পথের উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

অফিস আদেশে বলা হয়, ঢাকা শহরের সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বরাদ্দপ্রাপ্তদের মাধ্যমে পূর্ণ ভাড়া বা উপভাড়া (সাবলেট) দেওয়া বাসা চিহ্নিত করা এবং আবাসন এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই বিশেষ পরিদর্শন টিমগুলো কাজ করবে। আবাসন পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোট চারটি পৃথক পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, খিলগাঁও, মালিবাগ, ইলিশিয়াম রেস্ট হাউজ, গুলশান, বনানী ও উত্তরা এলাকায় পরিদর্শন দল-১ কাজ করবে। রাজধানীর ইস্কাটন গার্ডেন, নিউ ইস্কাটন, বেইলি রোড, বেইলি স্কয়ার, সোবহানবাগ ও সার্কিট হাউজ এলাকায় পরিদর্শন দল-২ কাজ করবে। আজিমপুর, পলাশী, মৌচাক কলোনি, চায়না বিল্ডিং, রায়েরবাজার, ঝিগাতলা ও মিরপুরের সব এলাকায় পরিদর্শন দল-৩ কাজ করবে। রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও, গ্রিন রোড, ধানমন্ডি, এলেনবাড়ী, মগবাজার, আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় পরিদর্শন দল-৪ কাজ করবে।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট এলাকার আবাসিক ভবন, পূর্ণ ভাড়া বা উপভাড়া (সাবলেট) চিহ্নিতকরণ এবং আঙিনা, চলাচলের পথ, ড্রেনেজ ও অন্যান্য সংশ্লিষ্ট স্থান সরেজমিনে পরিদর্শন করতে হবে। পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ দিতে হবে। সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে সুস্পষ্ট পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে পরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আজিমপুর জোন-বি কলোনিতে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সেখানে উপভাড়াটিয়া (সাবলেট) থাকার বিষয়টি তার নজরে আনা হয়। কলোনির পরিবেশ ভালো রাখতে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

/এমআর/