শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে গাঁজাসহ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে গাঁজাসহ ভারতীয় আটক
আটক ভারতীয়

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

ডিএনসির বিমানবন্দরের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং ইন্ডিয়ার সিমযুক্ত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

জুলফিকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থানের পরিকল্পনা ছিল।

/জেএইচ/