মিরপুরের হামলা পরিকল্পিত: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরের হামলা পরিকল্পিত: ডিএনসিসি প্রশাসক
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন , আজকের ঘটনাটি পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। যারা ঘটিয়েছে, আগে থেকেই তাদের প্রস্তুতি ছিলো। ফ্যাসিবাদের দোসররা এই কাজ করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর হোপ মার্কেট এলাকায় পরিদর্শন করতে এসে এ কথা বলেন তিনি।

ডিএনসিসির প্রশাসক বলেন, পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের দোসরেরা মসজিদে আগুন দিয়ে অরাজকতার সৃষ্টি করেছে। আমি মিরপুরের সন্তান। আমার জন্ম এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমি একজন রাজনৈতিক কর্মী, জনসেবার দায়িত্ব নিয়েছি।

তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান পরিচালনা করা হচ্ছিল। যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছিলো, তারা ও তাদের ইন্ধনে আজ সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিকসহ কিছু পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হন।

নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি আছে, তা চলমান থাকবে বলেও ঘোষণা দেন শফিকুল ইসলাম।

তিনি বলেন, যারা এই অরাজকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আজ মামলা হবে। পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা হবে। অবিলম্বে তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না।

শফিকুল ইসলাম বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। ভবিষ্যতে কারও ইন্ধনে ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির প্রশাসক বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলায় জড়িত ব্যক্তিদের অনেকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ঘটনাস্থলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল। সরকারের বিরুদ্ধে কারা স্লোগান দেয়? যারা ফ্যাসিজমের দোসর।

/এসবি/