কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার দুজন ছাত্রলীগ-যুবলীগের সদস্য: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার দুজন ছাত্রলীগ-যুবলীগের সদস্য: পুলিশ
গ্রেপ্তারকৃত ২ আসামি

কমলাপুর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলো– মো. সাখাওয়াত হোসেন রায়হান ও মো. সাইমুন। তাদের মধ্যে সাখাওয়াত কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। আর সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী।

উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ। গোয়েন্দা তথ্য ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে জনমনে ভয়-ভীতি সৃষ্টি ও মাঠ পর্যায়ের অবস্থান জানান দিতে এ ঘটনা ঘটানো হয়।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে শাহজাহানপুর থানা পুলিশ।

/এফআর/