শিরোনাম

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের
নিহত শিশু রিক্তা (বামে) ও তার মা (ডানে)। ছবি: ভিডিও থেকে

রাজধানীর ধানমন্ডিতে ১০ তলা ভবন থেকে পড়ে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ১৫ নম্বর সড়কের ৯এ-এর ৩৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মেয়েটি ওই বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত শিশুর নাম রিক্তা। গ্রামের বাড়ি সিলেটে। তার বাবার নাম শাহিন। শিশুটি কিছুদিন আগে ওই বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন বলে জানা গেছে।

নিরাপত্তাকর্মী তালেব সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আমরা দুইজন নিরাপত্তাকর্মী ডিউটিতে ছিলাম। হঠাৎ ধুম করে একটা শব্দ হয়। প্রথমে মনে করলাম পেছনে সার্ভিস সেন্টার আছে, সেখানে জেনারেটর বা বৈদ্যুতিক মিটার ফেটে যেতে পারে। দেখার জন্য সেখানে যাই। অর্ধেক পথে গিয়ে দেখি ওপর থেকে একজন বলছেন, একটা মেয়ে পড়ে গেছে।

তিনি আরও বলেন, কাছে গিয়ে দেখি একটা বাচ্চা পড়ে আছে। তার হাত ছিড়ে গেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। আমি তার মাথায় পানি দিলে বাচ্চাটি নড়েচড়ে ওঠে। পরে দ্রুত রিকশায় করে তাকে নিয়ে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে যাই। সেখান থেকে শংকরে ইবনে সিনা হাসপাতালে যেতে বলে। সেখানে পৌঁছে গেটে নেওয়ার পর বাচ্চাটি শেষবারের মতো নিঃশ্বাস নেয়।

পরে ইবনে সিনার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা বলেন, তার ছোট ছোট ৪ মেয়ে আছে। অভাবের সংসার হওয়ায় মেয়েকে ৪ হাজার টাকা বেতনে ওই বাড়িতে কাজে পাঠান। সেখানে তাকে মারধর করা হতো বলে অভিযোগ করেছেন তিনি। মেয়েটির মুখ ফোলা দেখেছিলেন বলে জানান তিনি।

এ ঘটনার পর স্থানীয়রা ওই বাড়ির সামনে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করেন।

/জেএইচ/