‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
মোটরসাইকেল মিছিল

রাজধানীর কুর্মিটোলায় মোটরসাইকেল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয় যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ দাইনে টিউটিরত টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। এরপর তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

/জেএইচ/