অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন চুক্তি

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাট সংবাদদাতা
অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন চুক্তি
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: সিটিজেন জার্নাল

বাগেরহাটের মোংলায় অর্থনৈতিক এবং অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং সহযোগিতা সম্প্রসারণ করা হবে।

এ ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের যোগাযোগ স্থাপন এবং সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

এর আগে, এদিন সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় এসে পৌঁছান।

জানা গেছে, প্রধানমন্ত্রী মোংলায় দু’টি কর্মসূচি শেষ করে বাগেরহাট জেলা সদরের মগরায় হয়রত খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তিনি সড়ক পথে খুলনা যাবেন।

এরপর প্রধানমন্ত্রী বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

/এফআর/