শিরোনাম

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষের জন্য নামাজের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষের জন্য নামাজের ব্যবস্থা
জাতীয় ঈদগাহ। ছবি: সিটিজেন জার্নাল

পবিত্র ঈদুল আজহায় এবার জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ৩৩০ জন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ মোট ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম সোমবার (২৫ মে) মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) মধ্যে ২৫০ জন পুরুষ এবং ৮০ জন মহিলা এবার ঈদের নামাজ পড়ার সুযোগ পাবেন। ভিআইপিদের প্রবেশের জন্য পৃথক গেট থাকবে।

এছাড়া সাধারণ মানুষ ৩টি গেট দিয়ে প্রবেশ করবেন। এর মধ্যে পুরুষদের জন্য ২টি এবং মহিলাদের জন্য একটি গেট থাকবে। নামাজ শেষে বের হওয়ার জন্য পুরুষদের ৫টি এবং মহিলাদের একটি গেটের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদের জামাতে মোট ১২১টি কাতার হবে। ভিআইপি পুরুষদের জন্য ৫টি এবং নারীদের জন্য একটি কাতার থাকবে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য ৬৫টি বড় আকারের কাতার এবং মহিলাদের জন্য ৫০টি ছোট আকারের কাতার হবে।

অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন অজু করতে পারবেন। এর মধ্যে ১১৩ জন পুরুষ ও ২৭ মহিলার একসঙ্গে অজু করার ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহে এবার যেসব সুবিধা রয়েছে–

  • শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ
  • পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা
  • অজুখানা
  • মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ এবং নামাজের ব্যবস্থা
  • খাবার পানি
  • ভিআইপি কাতারে জায়নামাজের ব্যবস্থা
  • ভ্রাম্যমাণ টয়লেট
  • প্রাথমিক চিকিৎসা সেবা
  • দৃষ্টিনন্দন ৩টি গেট
  • বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা
  • বৃষ্টির পানি নিরোধক সামিয়ানা
  • নামাজের জন্য কার্পেট
  • নিরাপত্তা ব্যবস্থা
  • ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনির্বাপণ ব্যবস্থা

ঈদুল আজহার নামাজ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শেষ হওয়ার প্রত্যাশা করছে ডিএসসিসি।

/এফসি/