মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও রাড্ডার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিও রাড্ডার কার্যালয়
রাড্ডার স্থাপনা ভেঙে ঝুলানো হয়েছে সাইনবোর্ড

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় রাতের আঁধারে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো রাড্ডার স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে গেছে।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই সেন্টারে যা ঘটেছে তা নিছক কোনো ডাকাতি বা হামলা নয়, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম। সন্ত্রাসীদের আক্রমণে সেন্টারটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নাসরিন আখতার বলেন,দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের অধিক একটি সন্ত্রাসী দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এই বর্বর হামলায় দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং দীর্ঘদিনের সেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, রাড্ডার ওই ১০ কাঠা জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। সে কারণে স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নেতৃত্বে ওই জমি দখলের জন্য হামলা চালানো হয়।

মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়া বলেন, আমি এ ঘটনায় জড়িত না। আমি জানিই না, সেখানে কী হয়েছে। আমার নাম কেন আসছে?

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানা পুলিশ জানিয়েছে, হামলা ও লুটপাটের ঘটনায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসবি/