শিরোনাম

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, জরুরি সেবা বন্ধ

সিটিজেন ডেস্ক
ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, জরুরি সেবা বন্ধ
ছবি: হারুন-অর-রশীদ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর জরুরি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার পর এই ঘটনার সূত্রপাত হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বিকাল সাড়ে ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কয়েকজন শিক্ষার্থী ও জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জরুরি বিভাগে নতুন রোগী নেওয়া বন্ধ রাখা হয়। বর্তমানে সেখানে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বলে তিনি জানান।

জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এলে তাকে প্রেসক্রিপশন দেওয়া হয়। সরকারি ওষুধ না থাকায় বাইরে থেকে কিনতে বলা হলে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা এসে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করেন। ওষুধ বাইরে পাওয়া যাচ্ছে না– এ অভিযোগ তুলে তারা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পরে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

/এসএ/