শিরোনাম

২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) লোগো।

গত দুইদিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান ।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

রাসেল রহমান বলেন, ঈদের পরের দিন (২৯ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে। অর্থাৎ, গত দুইদিনে মোট ২৩ হাজার ৭৯১ টন বর্জ্য মাতুয়াইল ল্যাডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

এদিকে, এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী আজ রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, কর্পোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতোমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি বর্জ্য সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা আশা করেন প্রশাসক।

/এসবি/