শিরোনাম

শাহ আলী মাজারে হামলা, জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শাহ আলী মাজারে হামলা, জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে হযরত শাহ্ আলী বাগদাদী (র.)-এর মাজারে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), মো. আজম (৪০) এবং মো. আরমান দেওয়ান (২৯)।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই তিনজনকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা গেছে। মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে তারা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী বলে জানা গেছে।

এর আগে, হামলায় গুরুতর আহত রেশমি বেগম নামের এক নারী ভক্ত বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান ৯ আসামি হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), মো. আজম (৪০), শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)।

মামলার এজাহারে রেশমি বেগম বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজার জিয়ারত ও ওরসের সময় ভক্তদের স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করছি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে যখন মাজার প্রাঙ্গণে হাজার হাজার মানুষের সমাগম ছিল, ঠিক তখন জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটাসহ মাজারের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা শুরু করে।

এজহারে তিনি আরও বলেন, হামলাকারীরা মাজারের শিরনির ডেগের ঐতিহ্যবাহী লাল কাপড় ছিঁড়ে ফেলে এবং মোমবাতি জ্বালানোর প্লেটসহ বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ ভাঙচুর করে। আমি বাধা দিতে গেলে আমাকেও নির্মমভাবে মারধর করা হয় এবং পরনের কাপড় ছিঁড়ে তার শ্লীলতাহানি করে। এই হামলায় মাজারের প্রায় ৩০ হাজার টাকার জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং হামলাকারীরা জিয়ারত করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

/এসবি/