শিরোনাম

মিরপুরে মাজারে ‘হামলা’, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে মাজারে ‘হামলা’, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
লাঠি হাতে মারতে উদ্যত এক যুবক। ছবি: এআই

রাজধানীর মিরপুরে হযরত শাহ্ আলী বাগদাদী (র.)-এর মাজারে আগত দর্শনার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক সেবনের অভিযোগে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জিয়ারতকারীদের মারধর করে মাজার থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে মাজারের ভেতরে মাঠের পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাতে মাজারে বার্ষিক ওরস চলছিল। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও জিয়ারতকারীরা সেখানে সমবেত হয়েছিলেন। রাতে হঠাৎ করে প্রায় ৭০-৮০ জনের একটি দল মাজারে প্রবেশ করে। তাদের হাতে লাঠি ও পাইপ ছিলো। এ সময় তারা মাদক সেবনের অভিযোগে বেশ কয়েকজনকে মারধর শুরু করে মাজার থেকে বের করে দেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে।

তবে মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গত রাতে সেখানে রওজার পাশে কয়েকজন বহিরাগত নারী-পুরুষ মাদক সেবন করছিল। স্থানীয়রা দেখে তাদের বের করে দেয়। এছাড়া মাজারজুড়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে।

হামলাকারীরা জামায়াতের নেতাকর্মী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা স্থানীয়। এর মধ্যে দুই-একজন জামায়াতের লোক থাকতে পারে।’

এ বিষয়ে ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন বলেন, স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকমীরা মাজার-প্রাঙ্গনে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। তবে কোনও হামলার ঘটা ঘটেনি।

গত সপ্তাহে স্থানীয় বিএনপি নেতা মিরাজের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়া ভিডিওতে মারধরের দৃশ্য দেখা যাচ্ছে– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/জেএইচ/