শিরোনাম

দুই নেতার আলোচনায় সব সমস্যা মিটবে: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুই নেতার আলোচনায় সব সমস্যা মিটবে: দীনেশ ত্রিবেদী
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন জনগণের ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে দুই দেশের বহুদিনের অমীমাংসিত সমস্যার সহজ সমাধান মিলবে।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ভেতরে শিশুদের একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন। এটা আমি দেখেছি। ভারতীয় হাইকমিশনারের মতে, নরেন্দ্র মোদি ও তারেক রহমান-দুই নেতাই নিজ দেশের জনগণের নাড়ির স্পন্দন বোঝেন। ফলে এই দুই শীর্ষ নেতা যখন একসঙ্গে আলোচনায় বসবেন, তখন দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ইতিবাচক সমাধানে পৌঁছানো সহজ হবে। আলোচনার টেবিলে নেতিবাচক কিছু নয়, বরং সবকিছু ইতিবাচকই হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। ঢাকার সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে ১২ জুন বাংলাদেশে আসেন তিনি। সোমবারের এ দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারসহ নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এমএকে/