সেরা হয়ে পেলেন ১০ লাখ ডলার, ১৬ বছর বয়সী কে এই নেনে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সেরা হয়ে পেলেন ১০ লাখ ডলার, ১৬ বছর বয়সী কে এই নেনে
নেনে রয়্যাল

থাইল্যান্ডের রক তারকা ও গিটারিস্ট নেনে রয়্যাল। মাত্র ১৬ বছর বয়সেই ইতিহাস গড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিভিশন শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর ২১তম মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রতিযোগিতাটির ইতিহাসে তিনিই প্রথম থাই বিজয়ী।

নেনে রয়্যালের আসল নাম রাট্টিকান আমলোয়। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তিনি মার্কিন রক ব্যান্ড দ্য হোয়াইট স্ট্রাইপসের জনপ্রিয় গান ‘সেভেন নেশন আর্মি’ পরিবেশন করেন। তার ঝলসানো গিটার সোলো এবং রক ব্যালাডের পরিবেশনা বিচারকদের মুগ্ধ করে। ৯ জন প্রতিযোগিকে পেছনে ফেলে তিনি বিজয়ী হন। এই জয়ের সঙ্গে তিনি পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা) পুরস্কার।

প্রতিযোগিতার শুরু থেকেই নিজের অসাধারণ পারফর্মেন্সের জন্য দর্শকদের মধ্যে অন্যতম প্রিয় হয়ে উঠেছিলেন নেনে। অডিশনে দ্য ক্র্যানবেরিজের ‘জম্বি’ গানটি ভারী রক ধাঁচে পরিবেশন করে বিচারকদের চমকে দেন এই তরুণী। সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি এখন পর্যন্ত দুই কোটির বেশিবার দেখা হয়েছে।

ফাইনালের ফল ঘোষণার আগে জনপ্রিয় মার্কিন ব্যান্ড লিনকিন পার্কের সঙ্গে মঞ্চে ওঠার সুযোগ পান নেনে। সেখানে তিনি পরিবেশন করেন ‘দ্য এম্পটিনেস মেশিন’ গানটি।

বিজয়ীর ফল ঘোষণার পর পর মঞ্চে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা যায় তাকে। আবেগাপ্লুত নেনে বলেন, ‘এ মুহূর্তে আমি খুব আনন্দিত এবং আবেগাপ্লুত।’ যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে ভুলেননি নেনে।

নেনের এই জয় থাইল্যান্ডেও ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। একজন দর্শক ফেসবুকে লেখেন, ‘ইতিহাস তৈরি হলো!’ আরেকজন লেখেন, ‘বিশ্বকে লিখে রাখতে দিন, এই থাই মেয়েটি অসাধারণ প্রতিভাবান।’

শুধু দর্শকই নয়, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলও নেনেকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নেনের এই জয় থাইল্যান্ডের জন্য সম্মান বয়ে এনেছে।

থাইল্যান্ডের পর্যটননগরী ফুকেটে বেড়ে ওঠেন নেনে। ছোটবেলা থেকেই গিটারের প্রতি তার ঝোঁক ছিল। মাত্র ৭ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখা শুরু করেন। স্থানীয় নাকা উইকেন্ড মার্কেটে নিয়মিত পথসংগীত পরিবেশন করতেন।

নেনের এই সাফল্যে ফুকেটেবাসী তার স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাকে অভিনন্দন জানাচ্ছেন।

/জেএইচ/