শিরোনাম

জবির এআইএস বিভাগ ও আইসিএসবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
জবির এআইএস বিভাগ ও আইসিএসবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় এআইএস বিভাগের শিক্ষার্থীরা আইসিএসবি পরিচালিত বিভিন্ন পেশাগত কোর্সে নির্ধারিত কোর্স অব্যাহতি (কোর্স এক্সেমশন) পাওয়ার সুযোগ পাবে। ফলে চার্টার্ড সেক্রেটারি পেশাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে তারা তুলনামূলক সহজ ও দ্রুত পথ অনুসরণ করতে পারবে। এতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও করপোরেট খাতে কর্মসংস্থানের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার এবং শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক এবং আইসিএসবির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও দীর্ঘদিনের প্রচেষ্টার ফল হিসেবে এ অংশীদারিত্ব বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক, বাস্তবমুখী ও পেশাভিত্তিক শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

এমওইউর মাধ্যমে ভবিষ্যৎ পেশাজীবী গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ করপোরেট নেতৃত্ব তৈরিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগ ও আইসিএসবি। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে দেশের করপোরেট ও প্রশাসনিক খাতে যোগ্য মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এমআর/