শিরোনাম

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস, সময় চাইলেন ভিপি

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস, সময় চাইলেন ভিপি
(বা পাশ থেকে) জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম ও সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুর ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করেছেন জিএস মাজহারুল ইসলাম। তবে ব্যক্তিগত প্রস্তুতির জন্য প্রশাসনের কাছে কিছুটা অতিরিক্ত সময় চেয়েছেন ভিপি আব্দুর রশিদ জিতু।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী চূড়ান্ত পরীক্ষার সাত দিনের মধ্যেই তিনি আবাসিক হল ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তার কক্ষ নতুন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সম্প্রতি তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। ফলে হল ছাড়ার বিষয়ে কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। বাসা ভাড়া নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই হল ত্যাগ করবেন বলে তিনি আশ্বাস দেন।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ছাত্রত্ব শেষ হওয়ার পর জাকসুর জিএস হল ছেড়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইভাবে আগামী সাত দিনের মধ্যে ভিপিও হল ত্যাগ করে সেই নজির অনুসরণ করবেন বলে তারা প্রত্যাশা করেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ার পর কোনো শিক্ষার্থীর আবাসিক হলে থাকার সুযোগ নেই। সে হিসেবে জাকসু ভিপিরও দ্রুত হল ছেড়ে দেওয়া উচিত।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তেই হবে। রাজনৈতিক পরিচয় বা কোনো সাংগঠনিক পদ ব্যবহার করে হলে অবস্থান করার সুযোগ নেই। জাকসু ভিপির বিষয়ে আলোচনার ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি জানান।

/এমআর/