শিরোনাম

গ্যাস নেই, লাকড়ির চুলায় ফিরলো ঢাবির হল ক্যান্টিন

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
গ্যাস নেই, লাকড়ির চুলায় ফিরলো ঢাবির হল ক্যান্টিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

সারাদেশে চলমান তীব্র গ্যাস সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের ক্যান্টিনে রান্না ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় বিকল্প হিসেবে লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে ক্যান্টিনগুলোকে। এতে রান্না ও খাবার পরিবেশনে অতিরিক্ত সময় লাগছে এবং খাবারের স্বাদেও পরিবর্তন দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ আগস্ট) জিয়া হল, বিজয় একাত্তর হলসহ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি হলের ক্যান্টিনে এমন পরিস্থিতি দেখা যায়।

এ বিষয়ে জিয়া হল সংসদের সদস্য মোল্লা আবিদ হোসেন বলেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় নির্দিষ্ট সময়ে খাবার তৈরি করা সম্ভব হচ্ছে না। ফলে খাবার পরিবেশনেও দেরি হচ্ছে। সংকটময় পরিস্থিতিতে ক্যান্টিন কর্তৃপক্ষ খাবারের আইটেম কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এ ছাড়া বাবুর্চিরা গ্যাসে রান্না করতে অভ্যস্ত হওয়ায় লাকড়ির চুলায় রান্নার কারণে খাবারের স্বাদেও উল্লেখযোগ্য তারতম্য দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, শনিবার সারা দিন কোনো গ্যাস না থাকায় ক্যান্টিনের পুরো রান্নাই লাকড়ি দিয়ে করতে হয়েছে। এ সমস্যা শুধু জিয়া হলেই সীমাবদ্ধ নয়; বিজয় একাত্তর হলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের ক্যান্টিনেও একই পরিস্থিতি বিরাজ করছে। দেশব্যাপী গ্যাস সংকটের কারণেই হলের ক্যান্টিনগুলোতে এ অচলাবস্থা তৈরি হয়েছে।

এ বিষয়ে হলের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গ্যাস না থাকা মানে বাস্তবে সারা দেশেই গ্যাস সংকটের চিত্র স্পষ্ট হওয়া। আমাদের ক্যান্টিনেও লাকড়ি ব্যবহার করতে হয়েছে। অন্য হলগুলোতে গিয়েও একই অবস্থা দেখেছি। এ পরিস্থিতি চলতে থাকলে এটি আমাদের জন্য বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে।

/এমআর/