শিরোনাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ট্রেজারার নিয়োগ

তিতুমীর কলেজ সংবাদদাতা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ট্রেজারার নিয়োগ
অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. বোরহান উদ্দিন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি আগে হবে সেই সময় পর্যন্ত কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ, রাজধানীর সরকারি সাতটি কলেজকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে সরকার। পর্বে এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

/এফআর/