শিরোনাম

জবিতে কড়া নিরাপত্তা, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
জবিতে কড়া নিরাপত্তা, আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ সদস্যদের অবস্থান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্র শক্তির ঘোষিত সভা-সমাবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড ছাড়া শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বহিরাগতদের প্রবেশেও কড়াকড়ি আরোপ এবং ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা যায়। ক্যাম্পাসে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র যাচাই করা হয়। পরিচয়পত্র না থাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সম্প্রতি ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্র শক্তির মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে কিছু শিক্ষার্থীকে অপেক্ষা করতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সব সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সহযোগিতা করার অনুরোধও করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, একই স্থানে ও সময়ে তিনটি সংগঠন সমাবেশ ডাকায় বিশৃঙ্খলা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

/জেএইচ/