২০২৭ সাল পর্যন্ত ডিজেল সংকট থাকতে পারে: আইইএ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২০২৭ সাল পর্যন্ত ডিজেল সংকট থাকতে পারে: আইইএ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং রাশিয়ার সংঘাতের প্রভাবে বৈশ্বিক ডিজেল উৎপাদনে বড় ধরনের ধাক্কা লেগেছে। আগামী বছরজুড়েও বিশ্ববাজারে ডিজেলের চরম ঘাটতি স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিজেলের এ আকাশচুম্বী দাম যেমন একদিকে মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, তেমনই অন্যদিকে থমকে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির চাকা। সম্প্রতি আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের সর্বশেষ পূর্বাভাসে এ উদ্বেগের কথা জানিয়েছে।

সংকট কাটাতে এবং জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফেরাতে জরুরি মজুত থেকে কী পরিমাণ এবং কখন ডিজেল বাজারে সরবরাহ করা হবে, তা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। ঠিক তার আগেই আইইএ-র পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হলো।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে পরামর্শ দেওয়া এবং তাদের জরুরি তেলের মজুত পর্যবেক্ষণকারী প্রধান সংস্থা আইইএ তাদের মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘পণ্য পরিবহন খরচ বাড়িয়ে এবং প্রকৃত আয়, অর্থনৈতিক কর্মকাণ্ড ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলার মাধ্যমে ডিজেলের দাম এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে।’

বর্তমান প্রেক্ষাপটে শিল্প, কৃষি এবং পরিবহন প্রতিটি খাতেই ডিজেলের চাহিদা ব্যাপক। সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে তাদের নিজস্ব জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার তাগিদ দিয়েছে। এমনকি ইইউ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

সূত্র: রয়টার্স

/এমএকে/