ঢাবিতে মাসব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি ঘোষণা

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ঢাবিতে মাসব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি ঘোষণা
সেমিনারে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যরা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, মানসিক স্বাস্থ্য মেলা, কাউন্সেলিং সেবা প্রভৃতি। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জীবনের নানা অনিশ্চয়তা মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ ও জাতীয় উৎপাদনের ওপর।

সবার জন্য মানসিক সুস্থতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা থাকা দরকার।

জানা গেছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসের ৪টি গুরুত্বপূর্ণ স্থান কার্জন হল, টিএসসি, বিজয় একাত্তর হল এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস, এম.ফিল ও পিএইচ.ডি গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন। এছাড়া, আগামী ১৬, ১৭, ৩০ ও ৩১ অক্টোবর মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘লিভড এক্সপেরিয়েন্স হিয়ারড : রিয়েল ভয়েসেস, রিয়েল চ্যালেঞ্জ’।

/এফআর/