রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি

রাবি সংবাদদাতা
রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং, হামলা ও সিল জালিয়াতির অভিযোগে ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অপরাধের ধরন অনুযায়ী, এসব শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের ছাত্রত্ব বাতিল, হল থেকে স্থায়ী বহিষ্কার, কঠোর সতর্কবার্তা এবং অভিভাবকদের চিঠি পাঠানোর মতো শাস্তি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯৯ শিক্ষার্থীকে অভিযোগের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে র‍্যাগিংয়ের অভিযোগে ১৪ জন, সিল জালিয়াতির অভিযোগে ৩ জন এবং জুনিয়রের হাতে সিনিয়র শিক্ষার্থী শারীরিকভাবে হামলার শিকার হওয়ার ঘটনায় ১ জনসহ মোট ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ ছাড়া আরও দুই শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত হওয়া ১৮ জনসহ মোট ২০ শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিক সুবিধা দেওয়ার জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে, র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন বিভাগের আরও ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীর কেউ র‍্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি জানানো হবে।

বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের ২০২৬ সালের সভায় উপস্থাপিত অভিযোগের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৩১ জন, ইতিহাস বিভাগের ১৮ জন, লোকপ্রশাসন বিভাগের ১৫ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৩ জন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ৭ জন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৪ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৪ জন এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪ জন রয়েছেন।

এ ছাড়া অর্থনীতি বিভাগের দুজন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের একজন রয়েছেন। সব মিলিয়ে এসব বিভাগের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় শত শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে আমাদের বার্তা থাকবে, র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না বর্তমান প্রশাসন।

/এফআর/