মেয়াদ শেষের ১৮ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ

চবি সংবাদদাতা
চবি সংবাদদাতা
মেয়াদ শেষের ১৮ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ
(বামে নীল শার্ট পড়া) শপথ নিচ্ছেন চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ

মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৮ দিন আগে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় তাকে শপথ পড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।

বিষয়টি নিশ্চিত করেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

জানা গেছে, গত বছর ১৫ অক্টোবর চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে জয়ী হন দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ দাস। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ নিয়ে তার একটি ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেন।

এসব ঘটনায় ২৪ অক্টোবর শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি আকাশ।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই মন্তব্যের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের পর আজ (মঙ্গলবার) শপথ গ্রহণ করছেন আকাশ দাশ।

/এফআর/