সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল
বাংলাদেশ সেনাবাহিনী

সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি ও বিভিন্ন পদে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে, তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

এদিকে, বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ

৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একইভাবে ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতির পর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া, মেজর মোহাম্মদ কামরুল হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক করা হয়েছে। এ জন্য তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এই দুই পদে আগে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রশিক্ষক (সহকারী প্রকৌশলী) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ পদে আগে দায়িত্ব পালন করা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

/এফআর/