এ্যাব থেকে স্থায়ী বহিষ্কার হলেন প্রকৌশলী আলমগীর হাসিন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
এ্যাব থেকে স্থায়ী বহিষ্কার হলেন প্রকৌশলী আলমগীর হাসিন
আলমগীর হাসিন

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সিদ্ধান্ত পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠন।

এ বিষয়ে সিটিজেন জার্নাল টোয়েন্টিফোরের প্রতিবেদক যোগাযোগ করলে তিনি জানান, ‘বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য পরে করবো।’

এই প্রকৌশলীর বিরুদ্ধে ঢাকা ওয়াসায় কর্মরত অবস্থায় দীর্ঘ কয়েক বছর অফিস না করেই বেতন ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে গত ৫ আগষ্ট পরবর্তী পদোন্নতি দিয়ে প্রধান প্রকৌশলীর চেয়ারে বসেন।

গত ৩০ অক্টোবর এ্যাব-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। কৌশলগত কারণে বহিষ্কার আদেশটি সংগঠন থেকে আজ শনিবার (১৪ নভেম্বর) প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের জবাব দেওয়ার জন্য তিনি গত ১০ সেপ্টেম্বর অতিরিক্ত এক মাস সময় চান।

তবে বর্ধিত সময়সীমা অতিবাহিত হওয়ার পরও তার কাছ থেকে অভিযোগের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ অক্টোবর অনুষ্ঠিত এ্যাব কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ, সময় বৃদ্ধির আবেদন এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণাদি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

আলোচনার পর সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এবং এ্যাব-এর গঠনতন্ত্রের ১৩.২ ধারা অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের কারণে প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদকে এ্যাব-এর প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যপদ এবং সংগঠনের সব ধরণের পদ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকেই এই আদেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারাদেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে তিনি এ্যাব-এর সদস্য বা পদাধিকারী হিসেবে পরিচয় দেওয়া, সংগঠনের নাম বা পদবি ব্যবহার কিংবা সংগঠনের পক্ষে কোনো ধরনের প্রতিনিধিত্ব ও কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এ্যাব-এর কেন্দ্রীয়, মহানগর, জেলা ও সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

/টিই/