শিরোনাম

শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কচি-কাঁচার মেলার মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কচি-কাঁচার মেলার মানববন্ধন
শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কচি-কাঁচার মেলার মানববন্ধন অনুষ্ঠিত।

রামিসা, লামিয়া এবং ফাহিমাসহ সকল শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শিশু হত্যা, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। একই সঙ্গে শিশুদের নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করার দাবি তুলে ধরেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা ও হত্যার ঘটনা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি সভ্য ও মানবিক সমাজ গড়ে তুলতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, প্রতিটি শিশু নিরাপদ, নির্ভয় ও আনন্দময় শৈশব পাওয়ার অধিকার রাখে। শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিশু সদস্য, তরুণ সদস্য, প্রবীণ সদস্য এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

/এসবি/