সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের আশঙ্কা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। এর প্রভাবে দেশের ৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, অক্টোবর মাসের জন্য দেওয়া এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের দ্বিতীয়ার্ধে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে।

/এসবি/