শিরোনাম

এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ
রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর ভবন। ছবি: সংগৃহীত

চলতি এপ্রিল মাসে দেশের ওপর দিয়ে একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর পাশাপাশি ২-৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যেসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে, সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

এপ্রিলের শুরুতেই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শুক্রবার (৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (৪ মার্চ) সকালের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যায়, রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল। আবহাওয়াবিদরা মনে করছেন, এবার তত বেশি গরম পড়বে না।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, এপ্রিলে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। তবে এ বছর ২০২৪ সালের মতো টানা তাপপ্রবাহ চলবে না। তিনি বলেন, আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা আছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে।

পূর্বাভাস বলছে, এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে প্রায় ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং এক থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের শেষে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি ঘূর্ণীঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম।

/এফসি/