শিরোনাম

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ফিচার

সিটিজেন ডেস্ক
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ফিচার
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো মেটা। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় বার্তার উত্তর দিতে দেরি হয়ে যায় কিংবা অ্যাপে ঢোকার অভাবে গুরুত্বপূর্ণ তথ্য চোখ এড়িয়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয় ‘চ্যাট হেডস’-এর আদলে ‘নোটিফিকেশন বাবল’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক পোর্টাল ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটা মালিকানাধীন এই অ্যাপটি বর্তমানে নতুন একটি ইন্টারফেস নিয়ে কাজ করছে। যা ব্যবহারকারীদের ফোনের স্ক্রিনে ভাসমান বাবল হিসেবে নোটিফিকেশন প্রদর্শন করবে।

নতুন এই সুবিধা যুক্ত হলে হোয়াটসঅ্যাপের চ্যাটিং অভিজ্ঞতায় আসবে বড় পরিবর্তন। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

ভাসমান আইকন: ফোনের স্ক্রিনে অন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সময়ও হোয়াটসঅ্যাপের মেসেজগুলো একটি ছোট গোল বাবল হিসেবে ভেসে থাকবে। এতে প্রেরকের প্রোফাইল ছবি ও হোয়াটসঅ্যাপ লোগো দেখা যাবে।

অ্যাপে না ঢুকেও রিপ্লাই: মেসেজ পড়ার জন্য ব্যবহারকারীকে বর্তমান কাজ বন্ধ করে মূল অ্যাপে প্রবেশ করতে হবে না। বাবলের ওপর ট্যাপ করলেই একটি ছোট ‘চ্যাট উইন্ডো’ খুলবে। যেখান থেকে সরাসরি উত্তর দেওয়া যাবে।

উন্নত মাল্টিটাস্কিং: ভিডিও দেখা বা গেম খেলার সময়ও কোনো বাধা ছাড়াই দ্রুত আলাপচারিতা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের এই নোটিফিকেশন বাবল ফিচারটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েডের সিস্টেম এপিআই ব্যবহার করে এই সুবিধা কার্যকর করা সহজ হওয়ায় এটি আগে আসছে। তবে আইফোন বা আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পরবর্তীতে বিশেষ ফরম্যাটে আসার সম্ভাবনা রয়েছে।

মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও, ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই সাধারণ ব্যবহারকারীরা এই আপডেট পেতে শুরু করবেন। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যের তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া আরও সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

/এসবি/