শিরোনাম

এআইকে প্রশিক্ষণ দিতে কর্মীদের প্রতিটি ক্লিকে নজর রাখবে মেটা

সিটিজেন ডেস্ক
এআইকে প্রশিক্ষণ দিতে কর্মীদের প্রতিটি ক্লিকে নজর রাখবে মেটা
ছবি: রয়টার্স

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের কর্মীদের দাপ্তরিক কাজ করার ধরন কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) শেখাতে কম্পিউটারে বিশেষ ট্র্যাকিং সফটওয়্যার বসানোর উদ্যোগ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ সফটওয়্যারের মাধ্যমে কর্মীদের মাউস নড়াচড়া, ক্লিক ও কিবোর্ড টাইপিংয়ের তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি কাজের ফাঁকে স্ক্রিনের স্ন্যাপশটও নেওয়া হবে। মেটার সুপার ইন্টেলিজেন্স ল্যাবস টিমের এক গবেষকের অভ্যন্তরীণ মেমো থেকে জানা যায়, এ প্রকল্পের মূল লক্ষ্য এমন একটি স্বয়ংক্রিয় এআই মডেল তৈরি করা, যা অবিকল মানুষের মতো কাজ করতে পারবে।

বর্তমানে এআই মডেলগুলো ড্রপডাউন মেনু নির্বাচন বা কিবোর্ড শর্টকাট ব্যবহারের মতো সফটওয়্যার নেভিগেশনের কাজগুলোতে খুব একটা পারদর্শী নয়। তাই মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ (এমসিআই) নামের এ টুলের মাধ্যমে বাস্তবসম্মত ডেটা সংগ্রহ করে এআইয়ের সেই সীমাবদ্ধতা কাটানোর চেষ্টা চলছে। মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ জানিয়েছেন, এ উদ্যোগটি তাদের এজেন্ট ট্রান্সফরমেশন এক্সিলারেটর বা এটিএ প্রকল্পের অংশ। কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য হলো এমন এক কর্মপরিবেশ তৈরি করা, যেখানে অধিকাংশ দাপ্তরিক কাজ এআই এজেন্টরা সম্পন্ন করবে এবং মানুষ কেবল তাদের কাজের মানোন্নয়ন ও তত্ত্বাবধানের ভূমিকা পালন করবে।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন নিশ্চিত করেছেন, সংগৃহীত ডেটা কেবল এআইকে প্রশিক্ষিত করতেই ব্যবহৃত হবে। কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন বা অন্য কোনো প্রশাসনিক কাজে এর ব্যবহার হবে না। পাশাপাশি সংবেদনশীল তথ্য সুরক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি। আমেরিকার বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে এআই টুল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পাদনের এ প্রবণতা একদিকে যেমন ঐতিহ্যবাহী সফটওয়্যার কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াচ্ছে, তেমনি ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোতে কর্মী কমানোর আলোচনাকেও জোরালো করে তুলছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/