শিরোনাম

গাঁজার গন্ধে থামলো ইউএস ওপেনের ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গাঁজার গন্ধে থামলো ইউএস ওপেনের ম্যাচ
ইউএস ওপেনে সাবালেঙ্কার ম্যাচ থামাতে হয়েছে গাঁজার গন্ধের কারণে

কোর্টে তখন প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত আরিনা সাবালেঙ্কা। হঠাৎ তিনি থামিয়ে দিলেন খেলা। কারণ, গ্যালারি বা আশপাশ থেকে ভেসে আসছিল গাঁজার তীব্র গন্ধ। সেটা এতই প্রবল ছিল যে ম্যাচের আম্পায়ারকে অভিযোগ জানিয়ে সাময়িকভাবে খেলা থামান ইউএস ওপেনের শীর্ষ বাছাই সাবালেঙ্কা।

শনিবার নিউইয়র্কে কামিলা রাখিমোভার বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে ৩-০ এগিয়ে যাওয়ার পর বিষয়টি আম্পায়ার ইভা আসদেরাকি-মুরের নজরে আনেন বেলারুশের এই তারকা।

আম্পায়ারকে সাবালেঙ্কা বলেন, ‘কেউ গাঁজা খাচ্ছে।’ এরপর গন্ধের তীব্রতা বোঝাতে তিনি আম্পায়ারকে বিষয়টি দেখার অনুরোধ করেন।

আম্পায়ার সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পেছনের দিকে থাকা কাউকে ধূমপানের ভঙ্গি করে বিষয়টি জানান। কিছুক্ষণ পর আবার শুরু হয় খেলা।

বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা অবশ্য এই ঘটনায় ছন্দ হারাননি। রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সাবালেঙ্কা।

ফ্লাশিং মিডোয় ধূমপান নিষিদ্ধ। তবে কাছের কোরোনা পার্ক থেকে বাতাসের সঙ্গে মাঝে মাঝে গাঁজার গন্ধ কোর্টে চলে আসে! নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য গাঁজা সেবন বৈধ।

সাবালেঙ্কা বলেন, ‘আমি জানি না গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে। কারণ বাতাস সেটি স্টেডিয়ামের ভেতরে নিয়ে আসতে পারে। আমি আশা করি, তারা এ ধরনের বিষয় নিয়ে সচেতন হবে।’

গেল বছর নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার ভেরেভও গাঁজার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

/টিই/