শিরোনাম

৪ বছর পর উইম্বলডনে ফিরছেন সেরেনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪ বছর পর উইম্বলডনে ফিরছেন সেরেনা
সেরেনা উইলিয়ামস। ছবি: ইয়াহু স্পোর্টস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টেনিসের রাজকীয় মঞ্চ উইম্বলডনে ফিরছেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ৪৪ বছর বয়সী এ তারকা আসন্ন উইম্বলডন টেনিসের নারী এককে (সিঙ্গেলস) প্রতিদ্বন্দ্বিতা করবেন। অল ইংল্যান্ড ক্লাব রবিবার (২১ জুন) টুর্নামেন্টের শেষ ওয়াইল্ডকার্ডটি ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকার হাতে তুলে দিয়েছে, যা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিশাল চমক সৃষ্টি করেছে। উইম্বলডন কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেরেনার ফেরার খবরটি নিশ্চিত করে সংক্ষিপ্ত বার্তায় লিখেছে, এটি কোনো মহড়া নয়।

দীর্ঘ চার বছর পর অল ইংল্যান্ড ক্লাবের এ ঐতিহ্যবাহী ঘাসের কোর্টে সেরেনার ফেরার বিষয়টি অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। তবে এর আগে কেবল বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসে অংশ নেওয়ার কথাই জানা গিয়েছিল। এখন সিঙ্গেলসের ওয়াইল্ডকার্ড পাওয়ায় ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে যোগ হলো সম্পূর্ণ নতুন এক রোমাঞ্চ ও উন্মাদনা। দুই সন্তানের জননী সেরেনা উইলিয়ামসকে টেনিস ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে অন্যতম বড় এক প্রত্যাবর্তন।

এর আগে ২০২২ সালের উইম্বলডনেও ওয়াইল্ডকার্ড নিয়ে সিঙ্গেলস খেলেছিলেন সেরেনা, তবে সেবার প্রথম রাউন্ডেই হারমনি তানের কাছে হেরে তাকে বিদায় নিতে হয়েছিল। এরপর সে বছরের ইউএস ওপেনের পর টেনিস থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে কখনো অবসরের কথা জানাননি তিনি। দীর্ঘ বিরতির পর চলতি মাসেই কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে সঙ্গী করে ডাবলসের মাধ্যমে কোর্টে ফেরেন এ মার্কিন তারকা। এরপর চলতি সপ্তাহে বার্লিন ওপেনেও ডাবলসে অংশ নেন তিনি।

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে উইম্বলডনে প্রথম পা রাখা সেরেনা এখানে একক বা সিঙ্গেলস শিরোপা জিতেছেন মোট ৭ বার। এ ছাড়া ভেনাসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের ট্রফি উঁচিয়ে ধরেছেন আরও ৬ বার। দীর্ঘ চার বছর পর নিজের প্রিয় চত্বরে সেরেনার এই দ্বিমুখী লড়াই ও রাজকীয় প্রত্যাবর্তন দেখতে এখন অধীর আগ্রহে মুখিয়ে আছে গোটা টেনিস বিশ্ব।

/এমএকে/