শিরোনাম

ইপিএলে আজ ‘ফেয়ারওয়েল’ ডে

নিজস্ব প্রতিবেদক
ইপিএলে আজ ‘ফেয়ারওয়েল’ ডে
মোহামেদ সালাহ, পেপ গার্দিওলা ও কাসেমিরো। কোলাজ: সিটিজেন জার্নাল

‘যেতে নাহি দিব। হায়,

তবু যেতে দিতে হয়, তবু চলে যায়!’

সোনার তরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব কবিতার এই লাইন দুটি যেনো আজ মনে মনে বলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের বহু ভক্ত-সমর্থক। আজ রবিবার (২৪) মে, ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুমের শেষ দিন। বাংলাদেশ সময় রাত নয়টায় একযোগে মাঠে নামবে লিগের ২০ দল। আর এসব ম্যাচের মধ্য দিয়ে বর্তমান ক্লাবকে বিদায় দিতে যাচ্ছেন বেশ কিছু খেলোয়াড়, কোচ।

বড় বিদায় পর্ব হবে ম্যানচেস্টার সিটিতে। দলের কোচ পেপ গার্দিওলার পাশাপাশি বের্নার্দো সিলভা আর জন স্টোনসেরও শেষ ম্যাচ আজ। লিভারপুল বিদায় জানাবে ক্লাব কিংবদন্তি মোহামেদ সালাহ ও অ্যান্ড্রু রবার্টসনকে।

গত ১০ বছরে ম্যানচেস্টার সিটিকে যিনি সাফল্যে ভরিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বে নতুন পরিচয় দিয়েছেন, পেপ গার্দিওলা। আজ শেষবার সিটির ডাগআউটে দাঁড়াবেন তিনি। ২০১৬ সালে আসা স্প্যানিশ এই কোচের অধীনে ৬ প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২০টি ট্রফি জিতেছে সিটিজেনরা।

গার্দিওলার সঙ্গে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন ইংলিশ মিডফিল্ডার জন স্টোনস। ১০ বছরে ২৯৪ ম্যাচ খেলে বিদায় নিচ্ছেন তিনি। পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা সিটিতে যোগ দেন ২০১৭ সালে। ৯ বছরের ক্যারিয়ারে ৪৫৯ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ৭৬ গোল।

ম্যানচেস্টার ইউনাইটেড বিদায় জানাবে একজনকে। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে কাসেমিরো চার বছর পার করে এবার বিদায় নিচ্ছেন। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য ইন্টার মায়ামি।

অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডকে আতিথেয়তা দেওয়ার দিনে সালাহ ও রবার্টসনকে বিদায় জানাবে লিভারপুল। ৩৩ বছর বয়সী সালাহ অলরেডদের হয়ে খেলেছেন ৯ মৌসুম। ৪৪১ ম্যাচে নিজেকে ক্লাবের কিংবদন্তিতে পরিণত করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোল (১৯১), লিভারপুল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা (২৫৭) হয়ে বিদায় নিচ্ছেন সালাহ।

সালাহর সঙ্গে একই মৌসুমে অ্যানফিল্ডে আসা ৩২ বছর বয়সী এই লেফটব্যাক রবার্টসন ৯ বছরে ৩৭৭ ম্যাচ খেলেছেন।

২২ বছরের খরা কাটিয়ে এবার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। লিগের শীর্ষ গোলদাতার লড়াইয়ে এগিয়ে আছে আর্লিং হালান্ড। ২৭ গোল করেছেন তিনি। দুইয়ে থাকা ইগর থিয়াগোর গোল ২২টি। তাই শিরোপা বা গোলদাতার লড়াই আজ নেই বললেই চলে।

তবে ওয়েস্ট হাম আর টটেনহামের মধ্যে অবনমন এড়ানোর লড়াই হবে। স্পার্সরা ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে, ৩৬ পয়েন্টে পরের স্থানে ওয়েস্ট হাম। হার এড়াতে পারলেই এ যাত্রায় বেঁচে যাবে টটেনহাম। অবশ্য ওয়েস্ট হাম নিজেদের ম্যাচে লিডসের বিপক্ষে ড্র করলে বা হারলেও স্পার্সদের পরের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত।

তবে সব কিছু ছাপিয়ে আজ বড় হয়ে উঠেছে ক্লাবের কিংবদন্তি কোচ, খেলোয়াড়ের বিদায়ের বিষয়টি। তাই বলাই যায় ইপিএলে আজ ‘ফেয়ারওয়েল’ ডে।

/টিই/