শিরোনাম

জার্মানির মানুষকে উচ্ছ্বাসে ভাসাতে চান প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া ভির্টজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জার্মানির মানুষকে উচ্ছ্বাসে ভাসাতে চান প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া ভির্টজ
ফ্লোরিয়ান ভির্টজ।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ফ্লোরিয়ান ভির্টজ। জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডারের বিশ্বাস, দেশের মানুষকে উল্লাস করার মতো কিছু উপহার দিতে পারবেন তারা।

চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলা হয়নি ভির্টজের। সবচেয়ে বড় মঞ্চে এবার অভিষেকের হাতছানি ২৩ বছর বয়সী ফুটবলারের।

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ভির্টজ বলেন, ‘বিশ্বকাপের চেয়ে বড় আর কিছু নেই: ছোটবেলায় এটা নিয়েই স্বপ্ন দেখতাম। আসরে যদি খেলার সুযোগ পাই, যা হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে সেটা হবে আমার শৈশবের স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’

বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামার অনুভূতি কেমন হবে জানাতে গিয়ে ভির্টজ বলেন, ‘বিশ্বকাপে মাঠে নামার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে, তা কল্পনাও করতে পারছি না। আপাতত আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি এবং আশাবাদী যে, আমরা জার্মান জনগণকে উল্লাস করার মতো কিছু উপহার দিতে পারবো। বাকি সবকিছুর জন্য, আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’

লক্ষ্যের কথা বলতে গিয়ে ভির্টজ বলেন, ‘অবশ্যই দলকে ফাইনালে তুলতে, তারপর শিরোপা জেতাতে চাই। তবে সর্বোপরি আমার খেলার মাধ্যমে উদাহরণ তৈরি করতে ও আমার সতীর্থদের অনুপ্রাণিত করতে চাই।’

২০১৪ সালে সবশেষ শিরোপা জয়ের পরের দুই আসরে জার্মানি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ফ্লোরিয়ান ভির্টজ বলেন, ‘এটা সত্যি যে জার্মানির কাছে সাধারণত অনেক কিছু প্রত্যাশা করা হয়, কারণ আমরা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সবকিছু খুব একটা ভালো যায়নি, তাই আমরা এই ধারাটা পাল্টে দিতে চাই।’

/টিই/